স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে মারধরের শিকার মো. শিহাব (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। শিহাব উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। এর আগে গত ২০ অক্টোবর রাতে নির্মম মারধরের শিকার হয় শিহাব। মারধরের পর থেকেই সে অচেতন অবস্থায় ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিহাব গত ২০ অক্টোবর পাশের বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সে তেতুলতলা বাকের কাছে গেলে তার প্রেমিকার আত্মীয়-স্বজনেরা তাকে তাড়া দেয়। শিহাব নিজেকে রক্ষা করতে রাতের অন্ধকারে মাঠের মধ্যে দৌড় দেয়। একপর্যায়ে শিহাব দিক হারিয়ে অন্ধকারের মধ্যে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কিছু ব্যক্তিও পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করে এরপর তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়েও বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে। এরপর লাঠি দিয়ে শিহাবকে আরও পেটানো হয়।
পরে তাকে ফেলে রেখে যাওয়া হয়। তারপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। মাথায় গুরুত্বর আঘাত থাকায় তার জ্ঞান ফেরেনি। তাই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে শিহাবকে নির্যাতনের ঘটনায় গত ২৪ অক্টোবর রাতে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন তার পিতা। তবে শনিবার দুপুর পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। গোদাগাড়ী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, হামলার ঘটনায় আগেই করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।