২৬ চৈত্র, ১৪৩২
০৯ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে ১৫ মামলার আসামি জুলুসহ তিনজন গ্রেফতার, হাজতে প্রেরণ

Admin Published: July 3, 2025, 5:31 pm
রাজশাহীতে ১৫ মামলার আসামি জুলুসহ  তিনজন গ্রেফতার, হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ১৫ মামলার আসামি নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার হলো, নজরুল ইসলাম জুলু (৫১), নাজমুল ইসলাম জিম (২৭) ও  মনা ইসলাম (২৮) । এদের মধ্যে জুলু রাজশাহী নগরীর টিকাপাড়ার নজির শেখ ড্রাইভারের ছেলে এবং জুলুর ছেলে নাজমুল ইসলাম। মনা একই এলাকার আনসার আলীর ছেলে। বৃহস্পতিবার রাজশাহী নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা সিয়ামের সঙ্গে আপস মীমাংসার বৈঠক চলছিল। এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামির টাকা ও চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী বুধবার সকাল থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত টিকাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। গ্রেফতার নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাববিস্তারকারী হিসেবে পরিচিত। এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫ টি ও তার ছেলে জিমের নামে ২ টি এবং অপর আসামী মনার নামে ৭ টি মামলা রয়েছে। বৃহস্পতিবার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে।