১০ চৈত্র, ১৪৩২
২৪ মার্চ, ২০২৬

ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

Admin Published: June 11, 2025, 12:24 pm
ঈদ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

ডিএনএন ডেস্ক: ভোগান্তি এড়াতে ঈদের ছুটির মাঝামাঝিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।বুধবার (১১ জুন) রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড়।


সরেজমিনে দেখা গেছে ফিরতি মানুষের আনাগোনা। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা নেই। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে, ট্রেনগুলোও সময়মতো স্টেশনে প্রবেশ করছে।


যাত্রীরা বলেন, তারা নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন। পথে বড় কোনো যানজট নেই। ঢাকায় প্রবেশে গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও যান চলাচল ছিল স্বাভাবিক।


সাধারণত ঈদের পরদিন ও তৃতীয় দিন থেকেই ঢাকায় লোকজন ফিরতে শুরু করে। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি।


রাসেল মিয়া নামে এক বাসচালক বলেন, বাড়ি যাওয়ার সময় ঈদের আগে চাপ অনেক বেশি ছিল। কারণ বেশির ভাগ মানুষ একই সময়ে রওনা দেন। কিন্তু ফেরার সময় মানুষ ধীরে ধীরে ফিরছেন বলে সড়কে চাপটা নেই। এতে করে এখনো কোথাও ভোগান্তি হয়নি।


কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়।


রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ ও ঈদ পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে বাড়তি ট্রেন, লঞ্চ ও বাসের ব্যবস্থা রাখা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছেন।


কমলাপুর স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানিয়েছেন, ফিরতি পথে ট্রেনের কোনো সংকট নেই। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৫টি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে। 


ঢাকায় ফেরা এই কর্মজীবীদের ঢল আগামী কয়েকদিন চলবে বলে ধারণা করা হচ্ছে। শহর আবারও ফিরে পাচ্ছে তার চেনা গতি, কর্মচাঞ্চল্য আর ব্যস্ততা।