ডিএনএন ডেস্ক: চলতি বছর এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে মোট ৪৬ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা পর্যন্ত ১১৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৯ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেন।
বুলেটিনে বলা হয়, সৌদি মেডিকেল টিম ১২ হাজার ৩৬৪ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৫৫ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
পরিচালক জানান, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৮৮২ জন; সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ৫৫৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।