৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনে ফের শোকজড বাগমারায় বিএনপি প্রার্থী জিয়া

Admin Published: February 7, 2026, 6:50 pm
আচরণবিধি লঙ্ঘনে ফের শোকজড বাগমারায় বিএনপি প্রার্থী জিয়া

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিন পরিদর্শনকালে বাগমারা উপজেলার বানাইপুর, বিনোপাড়া, বানাইপুর মোড়, হাটগাঙ্গোপাড়া বাজার, বাইগাছা বাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তার ওপর বাঁশ দিয়ে তোরণ নির্মাণ করে নির্বাচনী ব্যানার ঝুলানো হয়েছে। পাশাপাশি হাসনাবাদ, নামাযগ্রাম, কুমানিতলা, আচিনঘাট, মাদারীগঞ্জ বাজার, মহব্বতপুর মোড়, শিবজাইট বাজার, নরদাশ বাজার, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা এবং হাটগাঙ্গোপাড়া থেকে কামারপাড়া সড়কের পাশে গাছ ও বিদ্যুতের খুঁটিতে প্রচারণার ফেস্টুন সাঁটানোর আলামত পাওয়া যায়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির মতে, এসব কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি, ২০২৫-এর বিধি ১৩(ক) ও বিধি ৭(গ)-এর সরাসরি লঙ্ঘন। বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী গেইট বা তোরণ নির্মাণ করতে পারবেন না এবং গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা সরকারি-বেসরকারি স্থাপনায় পোস্টার বা ফেস্টুন লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ।

নোটিশে উল্লেখ করা হয়, আচরণ বিধি লঙ্ঘনের মাধ্যমে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’-এর অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ ও শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ করা হবে না সে বিষয়ে আগামী ৯ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় সংশ্লিষ্ট কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এর আগেও ডি এম জিয়াউর রহমান জিয়াকে আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।