স্টাফ রিপোর্টার: ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে আন্তর্জাতিক কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি যৌথভাবে এই গৌরব অর্জন করেন। তাদের গবেষণার বিষয় ছিল ‘অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স’।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪ দেশের প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট দেশের গবেষক অংশগ্রহণ করেন। যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১৪টি দেশের গবেষকবৃন্দের মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। গবেষণাপত্র গ্রহণের হার ছিল মাত্র প্রায় ২৮ শতাংশ। দুই দিনব্যাপী সম্মেলনে রোবটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।