স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার গ্রামে কয়েলের আগুন থেকে লাগা অগ্নিকান্ডে কৃষকের দুটি গরুসহ ঘরবাড়ি ভষ্মীভূত হয়েছে। এ দৃশ্য দেখে অসুস্থ হয়ে জুলেখা বেগম (৪৮) নামের এক প্রতিবেশী নারীর মৃত্যু হয়েছে।
জুলেখা বেগমের স্বামী বকুল হোসেন জানান, সোমবার সকালে স্ত্রীকে নিয়ে আগুনে পোড়া বাড়ি ও গরু দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে বাড়ি ও গরু দেখে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, রবিবার দিবাগত রাতে বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মজিবুর রহমান (৫৭) নামের এক কৃষকের বাড়ি ও দুটি গরু পুড়ে মারা যায়। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মজিবুরের স্ত্রী শাহিনা বেগম বলেন, ‘গরু মরে গেছে, ঘরে থাকা ধান, কাপড়-চোপড় পুড়ে গেছে।
মজিবুর বলেন, তিনি দিনমজুরি ও অন্যের জমিতে চাষাবাদ করে সংসার চালান। পাশাপাশি গরু পালন করেন। মশার উপদ্রব থেকে বাঁচাতে প্রতি রাতে গোয়ালে কয়েল জ্বালিয়ে রাখেন। রবিবার রাতেও তাই করেছিলেন। সেখান থেকেই গভীর রাতে আগুন লেগে সব ভষ্মীভূত হয়। মজিবুরের দাবি এ ঘটনায় তার ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নরদাশ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মজিবুর গরিব কৃষক। আগুনে গরু ও বাড়িঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।