৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

Admin Published: December 29, 2025, 12:43 pm
আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

ডিএনএন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।নির্বাচন কমিশনের (ইসি) কেন্দ্রীয় সমন্বয় কমিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে মোট ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এ সময় পর্যন্ত জমা পড়েছে মাত্র ৩১টি মনোনয়নপত্র। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।


সমন্বয় কমিটির তথ্য বলছে, মনোনয়নপত্র সংগ্রহের দিক থেকে ঢাকা অঞ্চল শীর্ষে রয়েছে। এখান থেকে ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এ ছাড়া কুমিল্লা অঞ্চল থেকে ৪০৫টি, ময়মনসিংহ থেকে ৩৩৯টি, খুলনা থেকে ৩০২টি, রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯টি, চট্টগ্রাম থেকে ২৪০টি, বরিশাল থেকে ১৬১টি, ফরিদপুর থেকে ১৪৫টি এবং সিলেট অঞ্চল থেকে ১২৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


জমা দেওয়া মনোনয়নপত্রের সংখ্যায় এগিয়ে ফরিদপুর অঞ্চল। সেখানে জমা পড়েছে ৮টি মনোনয়নপত্র। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে ৭টি করে, রংপুরে ৩টি, ঢাকা ও চট্টগ্রামে ২টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে ১টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তবে রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে এখনো কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।


ঢাকা বিভাগে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক একাধিক প্রার্থী রোববার দুপুরে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। জমাদানকারীদের মধ্যে রয়েছেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, ঢাকা-৬ আসনের বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-১৪ আসনের বিএনপির সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৬ আসনের বিএনপির আমিনুল ইসলাম, ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালেদুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়ার। এ ছাড়া কমিউনিস্ট পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।


নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সাধারণত শেষ দিনেই সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়ে। এবারও প্রার্থীরা শেষ দিনকে গুরুত্ব দিচ্ছেন বলে পরিসংখ্যানেই তা স্পষ্ট। মনোনয়ন জমার সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থকসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় মিছিল বা শোডাউন করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।


ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।


আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে।


উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।