ডিএনএন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন চরমে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান জায়ান্ট স্পেনের মহারণ দেখতে দর্শকদের আগ্রহের কারণে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। পুনর্বিক্রয় (রিসেল) বাজারে একটি টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে।
ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে দিনের শুরুতে গোলপোস্টের পেছনের মাঝারি মানের একটি আসনের মূল্য ছিল ৬ হাজার ৪১১ ডলার। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিট বিক্রি হয়ে গেলে সর্বনিম্ন দাম বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলারে। অন্যদিকে প্রিমিয়াম হসপিটালিটি প্যাকেজের মূল্য পৌঁছে যায় ৬০ হাজার ডলারে।
সিটগিক ও স্টাবহাবের মতো জনপ্রিয় সেকেন্ডারি টিকিট প্ল্যাটফর্মেও ওপরের সারির টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। মাঠের কাছাকাছি নিচের সারির আসনের জন্য গুনতে হচ্ছে প্রায় ৩৫ হাজার ডলার।
এই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহের অন্যতম কারণ হতে পারে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনাল, যা ম্যাচটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। জিততে পারলে ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে তারা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় স্পেন।
এদিকে পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসি ফাইনালে একাদশে থাকলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে শুরুর একাদশে খেলার অনন্য রেকর্ড গড়বেন। পাশাপাশি গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।