১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

আমরাজ্যে শুরু আমমেলা

Admin Published: June 24, 2025, 11:16 pm
আমরাজ্যে শুরু আমমেলা

স্টাফ রিপোর্টার : সুমিস্ট আমের রাজ্য হিসেবে খ্যাত রাজশাহীতে হরেক রকম ফলের পসরায় শুরু হয়েছে তিনদিনের আমমেলা। রফতানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনকে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালকের কার্যালয় চত্ত্বরে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে আমসহ প্রায় ১৫০ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রপ্তানিযোগ্য আম উৎপাদন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল স্থান পেয়েছে।

 যেখানে আমসহ বিভিন্ন রকমের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে। আর শুধু আমই আছে শতাধিক জাতের। 

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষকরা দেশি-বিদেশি বিভিন্ন জাতের আম নিজ দেশের মাটিতে চাষ করার পদ্ধতি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এতে আম চাষ করে বিদেশে রপ্তানির মাধ্যমে ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশের আমের সুনাম বিশ্বজুড়ে। অনেক দেশেই আম রপ্তানি হচ্ছে। বিশ্বজুড়ে আম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।’ তিনি সাহিত্য ও সংস্কৃতিতে আমের উপস্থিতির কথাও তুলে ধরেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার ফারজানা ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা।