স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে আটক করা হয়েছে। আটক বাপ্পি আড়ানী চকসিঙ্গা গ্রামের বাসিন্দা এবং সাবেক মেয়র মুক্তার আলীর জামাতা। আর মুক্তার আলী আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের বাসিন্দা।
তাদেরকে এরই মধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে চলে যায়। এরপর থেকেই পলাতক ছিল।
রোববার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানিয়েছেন, তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।