৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

‘আত্মহত্যা ব্যক্তিগত নয়, সামাজিক ও জাতীয় সংকট’

Admin Published: October 18, 2025, 5:46 pm
‘আত্মহত্যা ব্যক্তিগত নয়, সামাজিক ও জাতীয় সংকট’

স্টাফ রিপোর্টার : ‘আত্মহত্যা এখন শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও জাতীয় সংকটে পরিণত হচ্ছে। অনলাইন ও অফলাইন উভয় জায়গায় অনিরাপত্তা এবং অসংবেদনশীল আচরণ মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে। এ অবস্থায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে জানতে হবে।’

শনিবার রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ অডিটরিয়ামে ‘আত্মহত্যা প্রতিরোধ, মিডিয়া ট্রায়ালের ক্ষতিকর দিক ও সাইবার সুরক্ষা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, আত্মহত্যা প্রতিরোধ, মিডিয়া ট্রায়ালের ক্ষতিকর প্রভাব এবং সাইবার সুরক্ষা-এই তিনটি ইস্যু সমাজে গভীরভাবে প্রভাব ফেলে। তাই সমাজে মানসিক স্বাস্থ্যের অবনতি, সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত প্রভাব এবং অনলাইন নিরাপত্তাহীনতা তরুণ প্রজন্মকে নতুনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটনের প্রেসিডেন্ট নাজিফা ইফরীত। সঞ্চালনা করেন ক্যাব ইয়ুথ গ্রুপ রাজশাহীর সভাপতি রোটারেক্ট জুলফিকার আলী হায়দার, আর স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারিন্দ মেডিকেল কলেজের ডিরেক্টর ডা. মো. শরিফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. গোলাম মাওলা এবং নার্সিং বিভাগের প্রিন্সিপাল রেবেকা সুলতানা।

স্বাগত বক্তব্যে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাইবার নিরাপত্তা আজ সবার জন্য অপরিহার্য। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দ্বি-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা এবং সাইবার বুলিংয়ের শিকার হলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো উচিত।

ডা. মো. শরিফুল ইসলাম বলেন, আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতাশাগ্রস্ত কাউকে একা না রেখে মনোযোগ দিয়ে শোনা এবং পেশাদার সহায়তা নেওয়ার পরামর্শ দিতে হবে।

সভাপতির বক্তব্যে নাজিফা ইফরীত বলেন, ‘আমরা চাই, মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ ও অনলাইন নিরাপত্তা নিয়ে মানুষ খোলামেলা কথা বলুক। কেউ যেন একা সংগ্রাম করতে না হয়, সেটাই আমাদের লক্ষ্য।