৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

আওয়ামী লীগের 'ষড়যন্ত্র' রুখতে রাজশাহীতে 'রোডমার্চ' কর্মসূচি

Admin Published: August 13, 2024, 8:12 pm
আওয়ামী লীগের 'ষড়যন্ত্র' রুখতে রাজশাহীতে 'রোডমার্চ' কর্মসূচি
রাবি প্রতিনিধি: আওয়ামী লীগের সব ধরনের 'ষড়যন্ত্র' রুখে দিতে  চার দফা দাবিতে রাজশাহীতে 'রেজিস্ট্যান্স উইক' ও 'রোডমার্চ' কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
এর আগে বিকেল তিনটার দিকে নগরের তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করেন তাঁরা। 

পরে কর্মসূচির অংশ হিসেবে  রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ  আলী রায়হান এবং শাকিল যে জায়গায় শহীদ হয়েছেন, সেই পয়েন্ট অভিমুখে 'রোডমার্চ' কর্মসূচি পালন করেন। এই দুই পৃথক স্থানে জড়ো হয়ে তারা এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করেন। পরে বিকেল ৫টার দিকে এই কর্মসূচি শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা 'অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে', 'স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', 'হিন্দু, মুসলিম ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁই নাই', 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়', 'আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার, সাবধান', 'লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই' প্রভৃতি স্লোগান উচ্চারণ করেন।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মো. মেশকাত চৌধুরী বলেন, '৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে কিন্তু আমাদের বিজয় এখনো আসেনি। আমাদের এখনো ঘরে ফিরে যাওয়ার সময় আসেনি। গণভবন থেকে একটা শেখ হাসিনা পালালেও বাংলার গ্রামে-গঞ্জে, পাড়ায়-মহল্লায় একটা করে শেখ হাসিনা রয়ে গেছে। তারা এখনো স্বপ্ন দেখে আমাদের রক্ত ঝড়াবে এবং রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু সেটি আমাদের প্রতিহত করতে হবে।'