স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে রাজশাহীর বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর বাজারের অদুরে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশা চালক শরিফুল ইসলাম (৪৫), যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)। এ ঘটনায় আহতরা হলেন, আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি অটোরিকশা লালপুরের নওপাড়া গ্রামের যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলো। এটি বাঘা উপজেলার চন্ডিপুর বাজারের অদুরে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ভটভটির সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে রকেনা বেগমের মৃত্যু হয়।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, লালপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা করে পাঁচ যাত্রী নিয়ে বাঘার দিকে আসছিলেন। পথে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় নেওয়ার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিচূর্ণ বাহন দুটি উদ্ধার করা হচ্ছে।