১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

বাঘায় ৩১৭ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার

Admin Published: September 26, 2026, 2:03 pm
বাঘায় ৩১৭ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ উদ্ধার

নুরুজ্জামান,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর এলাকার একটি আম বাগানের ভেতর থেকে ৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নতুন বাজার পাড়া এলাকায় খেজুরগাছের গোড়া থেকে প্লাস্টিকের দুটি বস্তায় এসব সিরাপ উদ্ধার করা হয়।


বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলাইপুর নতুন বাজারপাড়া গ্রামের বাজারসংলগ্ন উন্মুক্ত আমবাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাগানের ভেতরে অবস্থিত একটি খেজুরগাছের গোড়ায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পায় তারা। পরে বস্তা দুটি তল্লাশি করে ৩১৭ বোতল ভারতীয় স্কাফ সিরাপ পাওয়া যায়।পুলিশের হিসাব অনুযায়ী, একটি বস্তায় ছিল ১৫০ বোতল এবং অপরটিতে ১৬৭ বোতল সিরাপ।


পুলিশ বলছে, উদ্ধার করা স্কাফ সিরাপগুলো আমদানি নিষিদ্ধ ভারতীয় পণ্য। তবে কে বা কারা বিপুল পরিমাণ এসব সিরাপ সেখানে রেখে গেছে, তাৎক্ষণিক ভাবে তাদের শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে।


বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, পরিত্যক্ত অবস্থায় ৩১৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এগুলোর অজ্ঞাত মালিকের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান,স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানের মধ্যে একই ইউনিয়নের আলাইপুর এলাকায় এর আগে ১৫৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ এক যুবককে গ্রেপ্তারের করা হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর আলাইপুর গাবতলীপাড়া এলাকায় ওই অভিযান চালানো হয়। 


এদিকে উপজেলার সীমান্তবর্তী আলাইপুর এলাকায় বিপুল পরিমাণ স্কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবে ২৫ সেপ্টেম্বরের ৩১৭ বোতল উদ্ধারের ঘটনায় কারও সম্পৃক্ততা এখনো নিশ্চিত করেনি পুলিশ। এলাকাবাসীদের দাবি, ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিকরুদ্ধে অতিদ্রুত আইনি ব্যবস্থা গ্রহন করা হউক। 


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান , উদ্ধার করা সিরাপের প্রকৃত মালিক ও এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তে সংশ্লিষ্টদের নাম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা  গ্রহন করা হবে। তিনি এ সকল অভিযানে স্থানীয় সুশীলসমাজ ও গ্রাম পুলিশদের সহায়তা কামনা করেছেন।