৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বাঘায় আগুন লাগিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

Admin Published: November 2, 2025, 1:41 pm
বাঘায় আগুন লাগিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় মুন্নি খাতুন নামে এক গৃহবধুর শরীরে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধুর মৃত্যু হয়। খবর পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন তার পিতা মাসুদ রানা। এরপর রাতে লাশ বাড়িতে নিয়ে আসেন। তবে ঘটনার পর থেকে গৃহবধুর স্বামীসহ তার শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চক নারায়নপুর গ্রামের মাসুদ রানার মেয়ে মুন্নির (২৬) সাথে ১০ বছর আগে একই গ্রামের শহিদুল মাঝির ছেলে সুরুজ আলীর (২৮) পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। তবে বর্তমানে সুরুজ আলী মাদকে আসক্ত হয়ে প্রায় তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দিচ্ছিলো। সর্বশেষ শনিবার রাতে সুরুজ আলী স্ত্রীর কাছে টাকা চায়। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে তার স্বামী ধানে সেচ দেয়ার জন্য ঘরে এনে রাখা ডিজেল তার স্ত্রীর শরীরে ঢেলে আগুন লাগিয়ে দেয়।


স্থানীয়রা জানায়, ঘটনার পর গৃহবধু মুন্নি  চিৎকারে পরিবারের সদস্যরা এসে তার শরীরের আগুন নিভায় এবং স্থানীয় বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক অখিল পাল তাকে রামেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান জানান, শনিবার রাতে গৃহবধুর বাবা থানায় এসে মৌখিক ভাবে বিষয়টি অবগত করেছেন। তিনি বলেন, মামলা হলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।