স্টাফ রিপোর্টার : আম চুরির দায়ে রাজশাহীর বাঘায় আমির হামজা নামের ষাটোর্ধ ব্যক্তিকে খুটির সঙ্গে বেধে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বাগান মালিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, সামান্য আম চুরির দায়ে বৃদ্ধকে থানা হাজতে দেওয়া ঠিক হয়নি। স্থানীয়ভাবে মিমাংসা করা যেত।
স্থানীয়সূত্র জানায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় আম চুরিকালে আমির হামজা (৬২) নামের বৃদ্ধকে গাছ হাতেনাতে ধরে ফেলেন বাগান মালিক মিঠন আলী ও লিটন আলী। পরে তাকে স্থানীয় প্রেমতলী বাজারে নিয়ে খুঁটির সঙ্গে বেধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আমির হামজাকে থানায় নিয়ে যায়।
বাগান মালিক মিঠুন আলী জানান, সম্প্রতি তাদের বাগানে দুই দফা আম চুরি হয়েছে। এ কারণে তারা বাগানের দিকে লক্ষ্য রাখছিলেন। শুক্রবার তারা চোরকে হাতেনাতে ধরেছেন। এ কারণে বেধে রেখে পুলিশে দেওয়া হয়েছে। তাদের দাবি ওই ব্যক্তি সাড়ে তিনমন আম চুরি করেছিলো।
বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, আমির হামজাকে থানায় নেওয়া হয়েছে। বাগান মালিক অভিযোগ করেছেন। শনিবার আসামীকে আদালতে সোপর্দ করা হবে।