স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানউল্লাহ (৩৮) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বাঘা উপজেলার মোমিনপুর গ্রামে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। আমানউল্লাহ উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তার বাবার নাম আব্দুল খালেক।
স্থানীয়রা জানান, আমানউল্লাহ নিজ বাড়িতে জানালা দিয়ে বিদ্যুতের সংযোগ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে মারা যান। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন জানান, আমানউল্লাহ সৎ ও ভালো মানুষ ছিলেন।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা রেকড করা হয়েছে।