স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বাউসা ইউনিয়ন জামায়াতের ব্যানারে মানববন্ধন কর্মসুচী পালন করতে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি সেখানে মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ মিছিল করে।
স্থানীয়রা জানায়, উপজেলা জামাতের সেক্রেটারি ইউনুস আলী ও বাউসা ইউনিয়ন জামায়াতের সভাপতি মওলানা মজিবুর রহমানের নেতৃত্বে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের টিসিবি, ভিজিডি, ভিজিএফ কার্ড, তথ্যসেবা কেন্দ্রের চাঁদাবাজি এবং হতদরিদ্রদের মাঝে ১০কেজি করে চাল বিতরণে অনিয়ম দূর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সাকাল সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন কর্মসুচীর ডাক দেয়া হয়। তবে এর পাল্টা প্রতিবাদ হিসেবে বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ তাদের লোকজন এসে বিএনপি সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষ নিয়ে মানব বন্ধনে বাধার সৃষ্টি করে। এতে করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতি থেকে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, একজন ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান) আব্দুর রহমান দুইমাস আগে দায়িক্ব পেয়েছেন। এই সামান্য সময়ের মধ্যে কি অনিয়ম করলেন যে কারণে মানববন্ধন করতে হবে। তাই আমরা ওদের ব্যানারটি কেড়ে নিয়ে মানববন্ধন না করার জন্য অনুরোধ করেছি। কিন্তু তারা (জামায়াত) চড়াও হয়েছে।
ইউনিয়নের প্যানেল মেয়র আব্দুর রহমান বলেন, আমার বিরুদ্ধে জামায়াতের অভিযোগের কোন সত্যতা নেই। প্রশাসন এসে যদি কোন অনিয়ম পায় তাহলে আমি আমার পদ থেকে সরে দাড়াবো। এটা মুলত: জামায়াকের এক ধরনের ষড়যন্ত্র। বাঘা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।#