১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে দুই লাখ টাকা জরিমানা

Admin Published: October 16, 2026, 6:03 pm
বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আলাইপুর এলাকায় আইবাঁধের নিচে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করা ব্যক্তিরা হলেন- সুমন, মিন্টু ও আলাউদ্দিন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে আলাইপুর নদী এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁরা অপরাধ স্বীকার করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান তাঁদের মোট দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

নুসরাত জাহান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায় স্বীকার করায় প্রথমবারের মতো জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে আবারও বালু উত্তোলনের চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কারাগারে পাঠানো হবে।