স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পাঁচশ’ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ইজারা সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে দুই সপ্তাহের জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় এ মেলাটি ইজারা নিয়েছেন উপজেলা যুবদল নেতা ও রাজশাহী জেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম।
মেলা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ঈদের দিন থেকে মাত্র দুই সপ্তাহের জন্য এই উন্মুক্ত মেলাডাকে ১০ লাখটাকা ব্যাংকড্রাপের মাধ্যমে ৭৬ জন ঠিকাদার অংশ গ্রহন করেন। এরমধ্যে সর্বোচ্চ দরদাতা হিসাবে বাঘা উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলামকে ১২ লাখ ৭০ হাজার টাকায় এ মেলাটি ইজারা দেওয়া হয়।
মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, বাঘার ঐতিহাসিক হযরত শাহদৌলার মাজার-তথা (ওয়াকফ এস্টেট), সুলতান আমলে নির্মিত ঐতিহাসিক শাহী মসজিদ এবং দীঘি ও জাদুঘর ঘিরে প্রায় পাঁচশ বছর ধরে রোজার শেষের দিন থেকে ঐতিহাসিক ঈদ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার মেলাটি ১২ লাখ ৭০ হাজার টাকায় ইজারা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট তথ্যমতে ঈদের দিন থেকে শুরু হয় এ মেলা চলে প্রায় দুই সপ্তাহ। এ মেলায় রাজশাহী জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের আনন্দের খোরাক যোগায়। মেলায় সার্কাস, নাগর দোলা, রাডার, ট্রেন ভ্রমন, দোলনা, হরেক রকমের শিশু খেলনা সমাগ্রী, দুর-দুরান্ত থেকে আসা মিষ্টির দোকানসহ নানান পন্যের পসরা বসে।