৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

বাঘায় শাশুড়িকে হত্যা মামলায় জামাই গ্রেফতার

Admin Published: March 20, 2025, 4:38 pm
বাঘায় শাশুড়িকে হত্যা মামলায় জামাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় শাশুড়িকে হত্যা মামলার আসামি জামাই শাকিল আহমেদ ওরফে তছিকুলকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার হেদাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাকিলের বাড়ি বাঘার নিশ্চিন্তপুর গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, গত বছরের ২৭ এপ্রিল শ্বাসরোধ করে ও ধারালো দা দিয়ে কুপিয়ে শাকিল তার শাশুড়ি রেহেনা খাতুনকে (৫০) হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলো শাকিল। পুলিশের পাশাপাশি র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত করছিল।

র‌্যাব জানায়, ২০২৩ সালের ৩ আগস্ট রেহেনা খাতুনের মেয়ে মনিকা খাতুনের (২৫) সঙ্গে বিয়ে হয়েছিল শাকিলের। বিয়ের পর থেকেই মনিকাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো শাকিল। একপর্যায়ে মনিকা মায়ের বাড়ি চলে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে শাকিল। ২০২৪ সালের ২৭ এপ্রিল শাকিল মনিকার মায়ের বাড়িতে গিয়ে তাকে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করেন লাশ পুকুরে ফেলে দেয়। এরপর থেকেই সে পলাতক ছিলো। বুধবার রাতে এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। রাতেই তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।