৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বাঘায় স্কুল কমিটির দ্বন্দ্ব প্রধান শিক্ষকের কক্ষে তালা, শিক্ষার্থীদের প্রতিবাদ

Admin Published: January 27, 2025, 6:42 pm
বাঘায় স্কুল কমিটির দ্বন্দ্ব প্রধান শিক্ষকের কক্ষে তালা, শিক্ষার্থীদের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় স্কুল পরিচালনা কমিটি গঠনের জের ধরে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে দুটি পক্ষ। একপক্ষ প্রধান শিক্ষক আনিসুর রহমানকে পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করে। সেখানে কিছুক্ষন পর অপর পক্ষ এসে শিক্ষার্থীদের নিয়ে পাল্টা প্রতিবাদ মিছিল করে। 

সোমবার দুপুরে উপজেলার বাউসা হারুন অর-রশিদ শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চলমান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। 

স্থানীয়রা জানান, বাউসা হারুন অর-রশিদ শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসে প্রথমে ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করে দেন। এরপর তারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের লাঞ্চিত করেন। 

তাদের অভিযোগ প্রধান শিক্ষক আনিসুর রহমান বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য ও নানা অনিয়ম, দূর্নীতি করে আসছেন। পতিত আওয়ামী লীগ সরকার আমলে টাকার বিনিময়ে বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারি নিয়োগ দেন। সেই টাকা দিয়ে প্রথমে বিদ্যালয়ের উন্নয়ন দাবি করা হলে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ শেষে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। 

তবে প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটিতে বিএনপির তিনজন ও অপর একটি দলের একজন প্রার্থী আবেদন করেছেন। এরমধ্যে বিএনপির দাবি তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণ করতে হবে। এ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে। তার জের ধরে অফিসে তালা দেওয়া হয়েছে। খেলাধুলাও বন্ধ করে দেওয়া হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনা অবগত করার পর আমি সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। পুলিশ অফিস কক্ষের তালা খুলে দিয়েছে।