৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাগমারার সড়কে ঝরলো নারীসহ দুই প্রাণ

Admin Published: August 24, 2025, 6:12 pm
বাগমারার সড়কে ঝরলো নারীসহ দুই প্রাণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বাগমারায় মাছবাহী পিকআপের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় মা নিহত হলেও কোল থেকে ছিটকে পড়ে প্রাণে রক্ষা পেয়েছে দুই শিশু সন্তান। রবিবার বেলা ১১ টায় উপজেলার হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের আবদুস সোবহানের ছেলে শহিদুল ইসলাম (৩০) ও একই গ্রামের আবদুল হান্নানের স্ত্রী ফুলজান বেগম (৩২)। ফুলজান বেগমের কোল থেকে ও ভ্যান থেকে ছিটকে তার দুই শিশু রক্ষা পেয়েছে। তারা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১ টার দিকে তাহেরপুর থেকে একটি অটোভ্যান দুই শিশুসহ চারজন যাত্রী নিয়ে চেউখালী গ্রামে আসছিল। ভ্যানটি হামিরকুৎসা-তাহেরপুর সড়কের রামরামা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। তাদের শরীরের উপর দিয়ে পিকআপ চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত ফুলজান বেগমের সাত ও ১১ বছরের দুই সন্তানসহ তিনজন আহত হন। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে মাছবাহী ট্রাকসহ চালক পালিয়ে যায়।

উপজেলার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সোহায়েল রানা বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তিনি জানান, এ ঘটনায় মায়ের কাছে থাকা দুই শিশু প্রাণে রক্ষা পেলেও তাদের মা মারা গেছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।