স্টাফ রিপোর্টার : রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে বাগমারায় উন্নয়ন ও শান্তি এনে দিবো। তিনি বলেন, আমি এ উপজেলার জনপ্রতিনিধি ছিলাম। আমার কিছু অভিজ্ঞতা হয়েছে।
এবার নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ক্রীড়া, সংস্কৃতিসহ সব সেক্টরের আমুল পরিবর্তন করা হবে। দেশ পরিচালনা অভিজ্ঞতা একমাত্র বিএনপির রয়েছে উল্লেখ করে তিনি অতীতের কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান।
সোমবার বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান।
সভায় রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম মিতালী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, এ্যাডভোকেট মাহফুজুর রহমান, সরদার সানিয়াত হোসেন শুভ, গনিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু প্রমুখ। সভায় বক্তারা বাগমারার উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।