স্টাফ রিপোর্টার : রাজশাহী বাগমারা থেকে ২৬২ বোতল অবৈধ ও প্রাণঘাতী অ্যালকোহলসহ মাদক কারবারী শামসুদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে উপজেলার মচমইল বড়পুকুরিয়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুদ্দিন একই উপজেলার বইকুড়ি মল্ডলপাড়া এলাকার নাসির আলীর ছেলে।
রবিবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গ্রেফতার শামসুদ্দিন দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করে আসছিলো। এলাকাবাসীর এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ করছিলো। এরই ধারাবাহিকতায় গতরাতে অভিযান পরিচালনা তাকে আটক করা হয়। পরে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।
র্যার জানায়, ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। তার বিরুদ্ধে রাজশাহী বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।