স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে। ফজেল ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের হোসেন আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে গেছিলেন ফজেল। এসময় বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থলের কাছাকাছি থাকা মান্নান নামের এক ব্যক্তি খালের ধারে ফজেল আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা জানান, ফজেল আলী মাঝেমধ্যে শখ করে মাছ ধরেন। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।