স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ অধিদফতরের সদর দফতর ও রাজশাহীর যৌথ উদ্যোগে অভিযানে ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়। সোমবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই অভিযান চলে। তবে অভিযানকালে কোন ইটভাটা মালিককে পাওয়া যায়নি।
অভিযানের শুরুতেই শুভডাঙ্গা ইউনিয়নের বিগোপাড়ায় গড়ে ওঠা ‘এসইএএম’ বিকস, একই এলাকার মজের আলী এবং বাঁইগাছা মোড়ের ইব্রাহীম হোসেনের ড্রামচিমনির ইটভাটিতে অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদফতরের ঢাকা এবং রাজশাহীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন অংশ নেন।
ফায়ার সার্ভিসের সদস্যলা জানান, তারা পানি ছিটিয়ে ইটভাটার আগুন নেভায়। পাশাপাশি ড্রামচিমনির ইটভাটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযান দলের আসার খবর পেয়ে ভাটা মালিক সফিফুল ইসলাম ও শ্রমিকেরা সটকে পড়েন।
পরে দেড় কিলোমিটার দূরে শালমারায় নামক স্থানে অবস্থিত ‘এমএনকে’ নামের আরেকটি ড্রাম চিমনির ইটভাটি একই ভাবে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে ওই ভাটি মালিক নূরন্নবী ইটভাটির উপরে থাকা ড্রামের অংশ খুলে ফেলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া পরিবেশ অধিদফতরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন বলেন, তাদের এই অভিযান পুরো জেলায় অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্য করে গড়ে উঠা সব ইটভাটি গুড়িয়ে দেওয়া হবে।