স্টাফ রিপোর্টার :রাজশাহী বাগমারায় হোমিওপ্যাথি ওষুধের আড়ালে অ্যালকোহল বিক্রির অভিযোগে আস্তানুর (৫৯) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৫২০ বোতল অ্যালকোহল জব্দ করা হয়েছে।
গ্রেফতার আস্তানুর জেলার বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ এলাকার এরশাদ আলীর ছেলেন। শুক্রবার রাজশাহী র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বাগমারার ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামের হোমিওপ্যাথি ওষুধের দোকানে নিয়মিতভাবে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রি করা হচ্ছিল। এমন খবর পাওয়ার পর র্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি অনুসরণ করছিলো।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে আস্তানুরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫২০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আস্তানুর হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অধিক লাভের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে মাদক বিক্রি করে আসছিলো।
ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে। র্যাব জানায় গ্রেফতার আসামীর ড্রাগ বিক্রির লাইসেন্স থাকলেও আড়াই বছর আগে তার মেয়াদ শেষ হয়েছে। এ ঘটনায় তাকে বাগমারা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।