স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর উত্তেজিত জনতার হাতে অভিযুক্ত যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো,—নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩১) ও আমিনুল ইসলাম (৩৩)।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রাণশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন।
এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। কিন্তু এর কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার লোক বাজারে এসে পুলিশকে মারধর করে, আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে।
ওসি জানান, এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।