২৮ বৈশাখ, ১৪৩৩
১১ মে, ২০২৬

বাগমারায় মুদি দোকানে গভীর রাতে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

Admin Published: May 11, 2026, 11:49 am
বাগমারায় মুদি দোকানে গভীর রাতে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া এলাকায় গভীর রাতে একটি মুদি দোকান ও টি-স্টলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকানের মালামাল ও টিন পুড়ে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। 

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মেহেদী হাসান রনি জানান, বুধবার রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা তার দোকানে আগুন লাগিয়ে দেয়। স্থানীয়রা আগুনের দৃশ্য দেখতে পেয়ে দ্রুত খবর দেন। পরে রাত প্রায় ২টার দিকে তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকানের মালামালসহ টিনের অবকাঠামো পুড়ে যায়।


তিনি আরও জানান, ঈদুল আজহা উপলক্ষে ঋণ নিয়ে দোকানে নতুন মালামাল তোলা হয়েছিল। দিনে দোকানে মালামাল আনার পর রাতেই আগুন লাগানোর ঘটনা ঘটে। দোকানের বাকি টাকা চাওয়া নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলছিল বলেও অভিযোগ করেন তিনি। সেই বিরোধের জের ধরেই আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে তার ধারণা।


মেহেদী হাসান রনি বলেন, এর আগেও আমার একই দোকান ও পান বরজে আগুন দেয়া হয়েছিল। এবারও পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে আমি মনে করছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।