স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনির ইটভাটাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঁঞা।
অভিযান চলাকালে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় প্রশাসনের সঙ্গে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় শ্রমিকরাও ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বানাইপুর, শালমারা, জয়পুরা ও মিরপুর এলাকার চারটি ড্রাম চিমনির ইটভাটি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মালিকেরা আগেই পালিয়ে যায় ।
গুড়িয়ে দেয়া অবৈধ ড্রাম চিমনি ইটভাটিগুলোর মধ্যে রয়েছে শালমারা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস এবং এসএমএআই ব্রিকস ও দ্বীপপুর ইউনিয়নের মিরপুরে অবস্থিত এমএমবি ব্রিকস। সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে গড়ে উঠা ওইসব ইটভাটির ড্রাম চিমনি ভেঙ্গে ফেলা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, প্রথম দিনে চারটি ইটভাটিতে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে ইটভাটির মালিকদের পাওয়া যায়নি। উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা সব ইটভাটিতে পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।#