স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে টপসয়েল কেটে পুকুর ও দীঘি খননের বিরুদ্ধে মঙ্গলবার একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথম দফায় দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের দুবিলা বিলে মোবাইল কোর্টের অভিযানে টপসয়েল কাটার অপরাধে গণিপুর গ্রামের তমিজ উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় টপসয়েল কাটায় ব্যবহৃত ২টি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়।
দ্বিতীয় দফায় বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেখানে কাউকে হাতেনাতে না পাওয়া গেলেও অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় ব্যবহৃত ২টি এস্কেভেটর অকেজো করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে কৃষিজমি কেটে পুকুর ও দীঘি খনন করে আসছিল। এতে জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন কমে যাচ্ছিল। অনেক কৃষক তাদের আবাদি জমি হারানোর আশঙ্কায় ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অবৈধভাবে টপসয়েল কেটে পুকুর খনন করে ফসলি জমি ধ্বংস করার কোনো সুযোগ নেই। কৃষকের জমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
উপজেলা প্রশাসন আরও জানায়, কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।