স্টাফ রিপোর্টার : জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের আমেজে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত ভোটের মাধ্যমে। আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন হলেও এবারই প্রথম ভোটাভুটির মাধ্যমে সম্মেলনে কাউন্সিলেরা তাদের নেতাকে নির্বাচিত করছেন।
রবিবার সকালে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ কুটির শিল্প মাঠে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে চানপাড়া শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করে দলটি।
এটিই ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির গণতান্ত্রিক (ভোটাভুটি) প্রথম সম্মেলন। এর আগে ভোটাভুটি ছাড়াই জেলা কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছিল।
পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ৬৪৪ জন কাউন্সিলর ঠিক করা হয়েছে। সভাপতি পদে আবদুর রাজ্জাক একক প্রার্থী হওয়াতে ভোটাভুটি ছাড়াই তিনি নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী থাকায় দুটি পদেই প্রতীকের মাধ্যমে ভোটাভুটি হয়। এর আগে প্রার্থীরা পোস্টার, ফেস্টুন ছাপিয়ে প্রচার চালান।
রবিবার ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। প্রার্থীরাও নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য কৌশল অবলম্বন করছেন। কেন্দ্রের পাশে দোকানপাট ও নেতা-কর্মীদের জটলা দেখা যায়। শিশুরাও গলায় প্লেকার্ড ঝুলিয়ে দৌড়াদৌড়ি করছে।
এর আগে সম্মেলনের সভাপতিত্ব করেন বিএনপির জেলা শাখার সদস্য নেতা শাহাদত হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিএনপি নেতা সাইদুর রহমান ও কামরুজ্জামান।
প্রার্থী শাহিনুর ইসলাম, আহসান হাবিব, মোজাম্মেল হক ও জয়নাল আবেদিন বলেন, এভাবে ভোটাভুটির মাধ্যমে কমিটি গঠনকে স্বাগত জানায়। হার পরাজয় থাকবেই। তবুও ফলাফল মেনে নিবো। উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেন জানান, এটাই ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির প্রথম সম্মেলন যা ভোটাভুটির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। দলীয় গণতন্ত্র রক্ষায় এর আয়োজন।
বিএনপির রাজশাহী জেলা শাখার সভাপতি আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচনে ভোটের আয়োজন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে এখানকার দলীয় নেতা-কর্মী এবং সমর্থকেরা কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি।#