৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

বাগমারায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার মূলহোতা গ্রেফতার

Admin Published: June 19, 2025, 1:10 pm
বাগমারায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যার মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনার মূলহোতা গোলাম প্রামানিককে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার গোলাম প্রামানিক ওই গ্রামের মৃত আব্দুর রহমান প্রামানিকের ছেলে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার প্রধান অভিযুক্ত এই গোলাম প্রামানিক। গ্রেফতারের পর তাকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।

এ সময় প্রায় সহস্রাধিক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্যও আহত হন।