স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে গনপিটুনীতে হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল প্রামানিককে (২৭) গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে বাগমারা উপজেলার দেউলিয়া চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চঞ্চল নওগঁর আত্রাই উপজেলার বামনী গ্রামের মাওলা বক্সের ছেলে। রবিবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক নামের একজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আমিনুল ইসলাম অরফে আমিরুল নামের একজন। পরে আমিরুলকে স্থানীয়রা আটক করে রাখে। সংবাদ পেয়ে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট আসামীকে হেফাজতে নিয়ে থানায় ফেরার সময় সহস্রাধিক লোক পুলিশের ওপর হামরা চালিয়ে আসামীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় কয়েকজন পুলিশ আহত হন।
পরে এ ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে গতরাতে চঞ্চলকে গ্রেফতার কার হয়। এর আগে একই মামলার একাধিক আসামীকে দেশের বিভিন্নস্থান তেকে গ্রেফতার করে র্যাব।