৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বাগমারায় সাবেক এমপি কালামসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

Admin Published: August 18, 2024, 6:00 pm
বাগমারায় সাবেক এমপি কালামসহ   ২২ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিনসহ ২২ জনের নামসহ অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বাগমারা থানায় মামলাটি দায়ের করেছেন আব্দুল মতিন নামের এক ব্যক্তি। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খাপুর গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাতে বাগমারা থানায় মামলাটি দায়ের করা হয়েছে । রবিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার। 

গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন উপজেলা বিভিন্ন এলাকায় তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, ও তাহেরপুর পৌরসভার মেয়র খন্দকার সায়লা পারভিন দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা, বাড়িঘর ও দোকান পাট ভাংচুর, অগ্নিসংযোগ, হাট বাজারে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে বলে অভিযোগ আনা হয়েছে। 

এছাড়াও আওয়ামী লীগের শাসনামলে উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, নেতাকর্মীদের বাড়িঘর ছাড়া করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। গত ৫ আগষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীগঞ্জ এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মারপিট ও গুলি করে আহত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

অভিযোগকারী আব্দুর মতিন বলেন, এমপি আবুল কালাম আজাদ ও গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকারের নির্দেশে আমাদের সহপাঠি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের মুনসুর রহমান নামের যুবদল নেতাকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় পিটিয়ে আহত করার পর পায়ে গুলি করে। অল্পের জন্য প্রানে বেঁচে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার মামলায় বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছেন বলে তিনি জানিয়েছেন।