স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় দ্রব্যের আলামতসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভিররাতে সেনাবাহিনীর একটি দল ভটখালী গ্রামের নিজ বাড়ি থেকে মো. আতিক আহমেদ (২৬) নামের ওই যুবককে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে দুটি দেশীয় ছুরি ও পাঁচটি দেশীয় হাসুয়া উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গ্রেফতার আতিক আহমেদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত ছিল। অভিযোগ রয়েছে, সে প্রায়ই দেশীয় অস্ত্র প্রদর্শন করে স্থানীয় প্রতিবেশীদের ভয়ভীতি দেখাত, যার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।
অভিযান শেষে আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।