স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় এক শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে ইমরান হোসেন আলভি (১৭) নামের এক যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রামরামা খরাদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামরামা খরাদীপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতো ইমরান হোসেন। তার বাড়ি একই উপজেলার সাজুড়িয়া দত্তপাড়া গ্রামে। শুক্রবার সকালে ইমরান হোসেন কৌশলে এক শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।