স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় যুবদল নেতার খামারে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে অর্ধকোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয়। ক্ষতিগ্রস্ত ওই নেতার নাম রুবেল হোসেন। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামের বাসিন্দা এবং ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ক্ষতিগ্রস্ত যুবদল নেতা রুবেল হোসেন জানান, তিনি বাড়ির পাশে সিঙ্গা বিলে কৃষকদের কাছ থেকে ইজারা নিয়ে ৭০ বিঘার একটি জলাশয়ে মাছচাষ করেছিলেন। সেখানে রুই, কাতলা, চিতল, কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ করেন। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্ত্বরা বিষ প্রয়োগ করে।
শনিবার সকালে সেখানে থাকা বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠে। বিষয়টি জানার পর তিনি জলাশয়ে গিয়ে মরে ভেসে যাওয়া মাছ দেখতে পান। পরে সেখানে অক্সিজেন প্রয়োগ করে মাছ রক্ষার চেষ্টা করেন। তবে এর আগেই বিপুল পরিমাণ মাছ মরে যায়।
ক্ষতিগ্রস্ত যুবদলের নেতা বলেন, ধার-দেনা করে মাছচাষের প্রকল্প শুরু করেছিলাম, এক রাতেই সব শেষ করে দিলো। তবে কারা এবং কেন এই ক্ষতি করলো তা বলতে পারছেন না। অর্থনৈতিক ভাবে তাঁকে ক্ষতিগ্রস্ত করার জন্য মাছ মেরে ফেলা হয়েছে বলে দাবি তার। আর কয়েকদিন পরেই মাছগুলো ধরে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি দাবি করেন, তারা খামারের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাগমারা উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, মাছের সঙ্গে শক্রুতা করা ঠিক না। ঘটনাটি দুঃখজনক। বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, এই বিষয়ে থানায় কেউ অভিযোগ বা খবর দেয় নি। অভিযোগ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।