৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

বাজার তদারকিতে ম্যাজিস্ট্রেটকে হুমকির ঘটনায় জড়িতদের বিচার দাবি

Admin Published: February 24, 2026, 6:00 pm
বাজার তদারকিতে ম্যাজিস্ট্রেটকে হুমকির ঘটনায় জড়িতদের বিচার দাবি

স্টাফ রিপোর্টার : রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে গিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী ক্যাব। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়। 

এসময় ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ছাড়াও ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলা ক্যাবের সভাপতি রুবেল সরকার উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় কিংবা ভেজাল পণ্য বিক্রির চেষ্টা করে থাকে। এমন প্রেক্ষাপটে দায়িত্ব পালনকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া কেবল ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি রাষ্ট্রীয় আইন প্রয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করার শামিল।

স্মারকলিপি প্রদান শেষে গোলাম মোস্তফা মামুন বলেন, রমজানে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে চান। বাজার তদারকির মাধ্যমে প্রশাসন সেই অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল জব্বার মণ্ডলকে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। 

স্মারকলিপিতে ক্যাবের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়। এরমধ্যে রয়েছে, বাজার তদারকিমূলক অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা, বাধা বা হুমকি প্রদান করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার।