১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি

Admin Published: August 4, 2026, 2:39 pm
বাংলাদেশকে ‘নিজের বাড়ি’ বললেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি

ডিএনএন ডেস্ক: রবার্তো কার্লোস দ্য সিলভা রোচা, ‘দ্য বুলেট ম্যান’। ডিফেন্স থেকে উঠে আক্রমণ সাজানোর গল্পটাকে নতুন করে সাজানোর নায়ক। ব্রাজিল তো বটেই, তার সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন রবার্তো কার্লোস। বাংলাদেশে তার এবং ব্রাজিলের অনেক ভক্ত। আর লাল-সবুজের এই দেশটিকে অনেক আপন মনে করেন কার্লোস। নেইমারের বন্ধু এবং ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার এক ভিডিও বার্তায় সেই কার্লোসই এবার বাংলাদেশকে তার বাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন।


কার্লোস ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী ফুটবলার। ব্রাজিলের এই ফুটবলারের অনেক সময় কেটেছে স্পেনে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এক দশকের বেশি সময়। তাই ব্রাজিলের পরই স্পেনকে দিয়েছেন স্থান। পর্তুগিজ ভাষায় বলার পর ইংরেজিতে বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ’।


বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ব্রাজিল দল সমর্থন করেন অনেক আগে থেকেই। ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থন সারা বিশ্বব্যাপী আলোচিত হয়।


উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিলের ফুটবলার ব্রুনো গুইমারেস নিজেও ব্রাজিলের পর বাংলাদেশের সমর্থন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। সেখানে করা এক সিনিয়র সাংবাদিকের প্রশ্নে আরও বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’ এবারের বিশ্বকাপের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে ব্রাজিল। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজে সেলেসাওদের। এরপর থেকেই নতুন করে ব্রাজিলকে সাজানোর পরিকল্পনা করছেন দেশটির অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি। কতটা এগুতে পারবেন সেটাই এখন ভক্ত-অনুরাগীদের দেখার অপেক্ষা।