৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি

Admin Published: March 6, 2025, 3:49 pm
বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৩০০ টাকা করার দাবি

রাবি প্রতিনিধি: বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেট তালিকাভুক্তির পরীক্ষায় আবেদন ফি ৪০২০ টাকার পরিবর্তে সর্বোচ্চ ৩০০ টাকা করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা।


আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মেনে নিলে সারাদেশের আইনের শিক্ষার্থীরা একযোগে কর্মসূচি পালন এবং চলমান সার্কুলার প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন তারা। এসময় আইন অনুষদের  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান সজীব বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সম্প্রতি ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪,০২০ টাকা। যা সাধারণ জনগণের এবং দেশের তরুণ আইন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অযৌক্তিক এবং অসহনীয়। এই উচ্চ ফি অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে বহন করা অসম্ভব, বিশেষ করে যারা গ্রামাঞ্চল বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ভবিষ্যৎ আইনজীবী।


তিনি আরও বলেন, দেশের অন্যানা পাবলিক পরীক্ষা যেমন— বিসিএস, ব্যাংক নিয়োগ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইত্যাদি। সব ক্ষেত্রেই আঞ্চলিক পর্যায়ে পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেও আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়। অথচ বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪০২০ টাকা নির্ধারণ করে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।


তিনি আইন অনুষদের শিক্ষার্থীদের পক্ষে তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—চলমান বিজ্ঞপ্তি যা কার্যকর রয়েছে ৩১ মার্চ পর্যন্ত তা অবিলম্বে বাতিল করতে হবে; নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে; সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে মানবিক ও যুক্তিসংগত ফি যেটি ৩০০ টাকা উল্লেখ করা হয়েছে সেটি নির্ধারণ করতে হবে।


কামরুল হাসান সজীব আরও বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই এই দাবি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত নয়। এটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার আন্দোলন, যেখানে সারাদেশের আইন শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা বার কাউন্সিল কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দাবি পূরণে ব্যর্থ হলে, সারাদেশের আইন শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং একযোগে বর্তমান সার্কুলার প্রত্যাখ্যান করবে।