৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, রাজশাহীতে গ্রেফতার ২

Admin Published: October 6, 2026, 6:06 pm
বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, রাজশাহীতে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে ভুক্তভোগীর স্বাক্ষর করা তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ ও বিকাশের মাধ্যমে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং আরও ১ লাখ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আসামিরা হলেন-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বড়কুঠি (আরডি মার্কেটের পিছনে) এলাকার সুলতানা (৩৯) ও পুঠিয়া থানার বানেশ্বর থান্দারপাড়া এলাকার মৃত কছের মন্ডলের ছেলে আসলাম আলী (৫৫)।

পুলিশ জানায়, ভুক্তভোগী মনোয়ার হোসেন মানুর সঙ্গে প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে সুলতানার পরিচয় ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর বিকেলে সুলতানা তাকে তার বাসায় দাওয়াত দেন। বিকেল আনুমানিক ৪টার দিকে ভুক্তভোগী ডিঙ্গাডোবা ব্যাংক কলোনীতে সুলতানার ভাড়া বাসায় যান।

ভুক্তভোগী বাসায় প্রবেশের পর সেখানে আগে থেকেই আরও দুই ব্যক্তি অবস্থান করছিলেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই বাসার দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় আসামিরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন এবং তাদের মধ্যে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মেরে সাধারণ জখম করেন। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনতে বাধ্য করা হয়। এ সময় তার নগদ হিসাবে ১৩ হাজার ৫০০ টাকা এবং বিকাশ হিসাবে ১৩ হাজার ২০০ টাকা, সর্বমোট ২৬ হাজার ৭০০ টাকা পাঠানো হয়। পরে আসামিরা ওই হিসাব থেকে এজেন্টের মাধ্যমে ২৬ হাজার ৩০০ টাকা উত্তোলন করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা আরও টাকা দাবি করলে ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকা মূল্যমানের তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় এজাহার দায়ের করেন।

পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সুলতানা ও আসলাম আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন, ভুক্তভোগীর স্বাক্ষরকৃত তিনটি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ভুক্তভোগীর নগদ ও বিকাশ হিসাব থেকে উত্তোলন করা ২৬ হাজার টাকা উদ্ধার এবং সুলতানার দেখানো শপিং ব্যাগ থেকে ১ লাখ ৮ হাজার টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়।