৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

বেসরকারি চাকরিজীবীরা উচ্চ বেতন পায়, আমরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও মর্যাদা পাই না: রাবি অধ্যাপক

Admin Published: July 11, 2024, 9:03 am
বেসরকারি চাকরিজীবীরা উচ্চ বেতন পায়, আমরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও মর্যাদা পাই না: রাবি অধ্যাপক

রাবি প্রতিনিধি:'বেসরকারি চাকরিজীবীরা উচ্চ বেতন পায়, আমরা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও মর্যাদা পাই না' বলে মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিম' প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন সিনেট ভবনের পাশে লাগাতার অবস্থান কর্মসূচির একাদশ দিনে এ মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, প্রত্যয় স্কিম কি, কেনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এর বিরুদ্ধে আন্দোলন করছে এটা এখন সবার মাথায় গেঁথে গেছে। আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় এটা এখন তীব্র থেকে তীব্রতর হয়েছে। ২০১৪  থেকে ১৫ সাল  পর্যন্ত আমরা যে আন্দোলন করেছিলাম সেখানে স্বতন্ত্র বেতন কাঠামো ছিলো, কিন্তু সেখানেও আমাদেরকে রাষ্ট্রীয় স্পেস সেলে ঢুকানো হয়েছে, এবং সেখানে আমাদের জায়গাগুলো আরো অবনমন করা হয়েছে। এখন শুধু আমরা বেতন পাই মর্যাদা পাই না। বেসরকারী চাকরিজীবীরা উচ্চ বেতন পায়, কিন্তু আমরা রাষ্ট্রীয় বেতন কাঠামোর মধ্যে থেকেও পথে, ঘাটে, রাস্তায় কোথাও আমাদের মর্যাদা নাই। আমরা উচ্চ বেতনের সাথে মর্যাদার লড়াই চাই। এটা আমাদের মর্যাদার লড়াই।

কর্মসূচিতে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. শাওন উদ্দিন বলেন, আমরা দেখতে পাচ্ছি সরকার বা সরকারের দায়িত্বশীলেরা আমাদের আন্দোলনে কোনো গুরুত্ব দিচ্ছেন না। সরকার ছাত্রদের আন্দোলন নিয়ে সতর্ক কিন্তু শিক্ষকদের আন্দোলন নিয়ে তাদের মাথা ব্যথা নেই। আমাদের মূল দাবি হলো বেতন কাঠামোর দিকে সতর্ক দৃষ্টি দেয়া। প্রত্যয় স্কিম আমরা নিতে চাচ্ছি না কিন্তু এরপরও আমাদের উপর সেটা চাপিয়ে দেয়া হচ্ছে। সরকার এবং সরকারি দায়িত্বশীলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা শিক্ষকদের এই দাবি মেনে নিন।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। এটি প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণও লাগাতার কর্মসূচি করে আসছেন।

অবস্থান কর্মসূচিটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আফরোজা সুলতানা। এসময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।