ডিএনএন ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলায় মাছবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের লুৎফর রহমান (৫০) ও গৌরিপুর থানার তরিকুল ইসলাম রিয়াদ (২১)।
অপর দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হতাহতরা মাছের ব্যবসার সঙ্গে জড়িত এবং পিকআপটির আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে চারমাথা দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে।
এতে সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপভ্যানের ভেতরে আটকে পড়া লাশগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা আলামিন বলেন, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে দেখি উল্টো দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা চারজনই ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়ি কেটে লাশ উদ্ধার করে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রফিকুজ্জামান বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। পিকআপভ্যানে থাকা চারজনেরই মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনের লাশ গাড়ির ভেতরে আটকে ছিল। গাড়ি কেটে তাদের উদ্ধার করে কাহালু থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের আরোহীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা সবাই মাছ ব্যবসায়ী ছিলেন এবং নওগাঁর দিক থেকে পিকআপভ্যানে করে আসছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।