স্টাফ রিপোর্টার : সম্প্রতি রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই নেতাকে বহিস্কারের পর এবার রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ তিন নেতাকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। গত ১৩ জুন এই শোকজ নোটিশ ইস্যু করা হলেও রবিবার বিষয়টি জানাজানি হয়।
বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডলসহ শোকজ পাওয়া অপর দুই নেতা হলেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর ইসলাম মন্ডল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ জুন বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলামের সঙ্গে দলীয় ফরম বিতরণ ও সভা করেছেন শোকজ পাওয়া এই তিন নেতা। এভাবে একজন বহিষ্কৃত নেতার সঙ্গে সভা করে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।
এই ঘটনায় এই তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। শোকজপত্র ইস্যুর সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন নেতাকে।
জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নজরুল ইসলাম মন্ডল কোনো কথা বলতে রাজি হননি।