স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের প্রণীত মহাপরিকল্পনায় স্বচ্ছতা নিশ্চিত ও খসড়া পরিকল্পনা বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে ‘শতভাগ গ্রিন গ্রিড’ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী নগরীর অলকার মোড়ে কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোটের উদ্যোগে পরিবর্তন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অন্যদের মধ্যে উন্নয়নকর্মী হাসিবুল হাসান, লিয়াকত আলী, পঙ্কজ কর্মকার এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন বক্তব্য রাখেন।
তারা অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনা (২০২৬-২০৫০) প্রণয়নের ক্ষেত্রে নাগরিক সমাজ, সাধারণ জনগণ ও স্বাধীন বিশেষজ্ঞদের সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। উন্মুক্ত আলোচনা বা অংশগ্রহণমূলক পরামর্শ ছাড়াই গুরুত্বপূর্ণ এই জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতার পরিপন্থী।
বক্তারা খসড়া মহাপরিকল্পনায় ‘এনার্জি ট্রানজিশন’ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির অংশ মাত্র ১৭ শতাংশ, যেখানে কাগজে তা ৪৪ শতাংশ দেখানো হয়েছে বলে দাবি করেন। এছাড়া হাইড্রোজেন, অ্যামোনিয়া কো-ফায়ারিং ও কার্বন ক্যাপচার (সিসিএস)-এর মতো ব্যয়বহুল ও পরীক্ষামূলক প্রযুক্তিকে সমাধান হিসেবে উপস্থাপন করাকে অবাস্তব উল্লেখ করে বলা হয়, এতে ভবিষ্যতে দেশ নতুন ঋণ, ভর্তুকি ও পরিবেশগত সংকটে পড়তে পারে। প্রতিবাদ কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়।
তাদের দাবিগুলো হলো, অবিলম্বে জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ স্থগিত ও বাতিল করতে হবে, নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও সাধারণ জনগণের অংশগ্রহণে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরামর্শ প্রক্রিয়া শুরু করতে হবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত কমিয়ে বাস্তবসম্মত শতভাগ নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ প্রণয়ন করতে হবে এবং পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তরের ভিত্তিতে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে।