৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

বিএনপি নেতার হামলায় সনাতনীদের মিলনমেলা পণ্ডের অভিযোগ

Admin Published: June 14, 2025, 5:15 pm
বিএনপি নেতার হামলায় সনাতনীদের মিলনমেলা পণ্ডের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা ও আলোচনা সভায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও ট্রাস্ট ম্যানেজার গোবিন্দ চন্দ্র পালের বিরুদ্ধে। তাদের হামলায় অনুষ্ঠান পন্ডের অভিযোগও করা হয়।

শনিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা কমিটির আহ্বায়ক শ্রী উপেন্দ্রনাথ মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শুক্রবার (১৩ জুন) প্রেমতলির খেতুরী ধামে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের। কিন্তু সেই আয়োজনে স্থানীয় বিএনপি নেতা এহসানুল কবির টুকুর নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করেন।

তিনি বলেন, অনুষ্ঠানে আগত ১০ থেকে ১২ হাজার ভক্তের মধ্যে বিতরণের জন্য প্রসাদের আয়োজন করা হয়। এজন্য সকল জিনিস পত্র খেতুরী ধামে নিয়ে গেলে ধামের ট্রাস্ট বোর্ডের সদস্য ও ম্যানেজার গোবিন্দ চন্দ্র পাল ধামের গেট বন্ধ করে দেয়। অনেক অনুরোধ ও বোঝানোর পর গেট খুলে ভিতরে জিনিসপত্র প্রবেশ করা হয়।

তবে খেতুরী ধামের ভিতরে প্রসাদের আয়োজনের সময় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু তার সন্ত্রাসী দল ও গোবিন্দ চন্দ্র পালসহ সকলে সন্ত্রাসী হামলা ও মারধর করে তাদের মন্দির থেকে বের করে দেয়। এ অবস্থায় নিরাপত্তা ও ঝুঁকির কারণে সনাতনী সম্প্রদায়ের মিলন মেলা অনুষ্ঠান স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এ ঘটনার পর তারা ভীত-সন্তস্ত হয়ে পড়েছেন। থানায় মামলা করে ঝামেলা বাড়াতে চান নি উল্লেখ করে বলেন বিষয়টি নিয়ে জেলা বিএনপির কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং বিচার চেয়েছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী জেলার সভাপতি শ্রী প্রণয় কুমার দাস (আলোক মাস্টার), বৈষ্ণব সৎ সংঘ গোদাগাড়ীর সাধারণ সম্পাদক সহদেব কুমার পান্না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, গোদাগাড়ী উপজেলার সদস্য মলিন সরদার উপস্থিত ছিলেন।