৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

বিজয়ের পরই সাধারণ মানুষের কাছে ছুটে গেলেন মিলন

Admin Published: February 13, 2026, 7:14 pm
বিজয়ের পরই সাধারণ মানুষের কাছে ছুটে গেলেন মিলন

স্টাফ রিপোর্টার : নির্বাচিত হয়েই গ্রামের মানুষের কাছে ছুটে গেলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার সকাল থেকে তিনি নিজ নির্বাচনী এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিজয়ের পরদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিন বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হলে পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ। তাই এ ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।

দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি নওহাটা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং একটি জানাজায় অংশ নেন। পরে নিজ পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এক লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট পান।